দেশব্যাপী বহুল প্রতীক্ষিত ও ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনেই ভূমিধস বিজয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিপুল ভোটে এগিয়ে থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি।

ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে তারেক রহমান পেয়েছেন ৫৪ হাজার ৮২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. খালিদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬ হাজার ৮৪০ ভোট। বেসরকারি ফলাফলে এই আসনে তারেক রহমানের বিজয় নিশ্চিত হয়েছে।

অন্যদিকে, বগুড়া-৬ আসনে আরও বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি চেয়ারম্যান। এখানে তিনি মোট ১ লাখ ৬১ হাজার ৬৫১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী পেয়েছেন ৭৩ হাজার ১৮০ ভোট। একটি কেন্দ্রের ফলাফল এখনও প্রকাশিত না হলেও দ্বিগুণেরও বেশি ভোটের ব্যবধানে তারেক রহমানের বিজয় নিশ্চিত বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল ওয়াজেদ।

এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে বর্তমানে চলছে গণনা কার্যক্রম। বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *