ঢাকা: বাংলাদেশের রাজনীতির দীর্ঘদিনের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা ও খালেদা জিয়ার দ্বন্দ্বই গত কয়েক দশক ধরে দেশের রাজনৈতিক ইতিহাসকে প্রভাবিত করেছে। সেই প্রতিদ্বন্দ্বিতার এক অধ্যায় চিরতরে শেষ হলো খালেদা জিয়ার প্রয়াণের মধ্য দিয়ে।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আরেক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বর্তমানে দেশান্তরী অবস্থায় থাকা শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তাটি প্রকাশ করা হয়।

শোকবার্তায় শেখ হাসিনা তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকার কথা স্বীকার করেন। তিনি বলেন,
“বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম।”

শেখ হাসিনা আরও উল্লেখ করেন, খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গন এবং বিএনপির নেতৃত্বে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। তিনি খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমানসহ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় শেখ হাসিনা আরও লেখেন,
“আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি।”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শেখ হাসিনা ও খালেদা জিয়া—এই দুই নেত্রীর প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিকে প্রভাবিত করেছে। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় শেখ হাসিনা বর্তমানে দেশান্তরী, আর অপরদিকে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী খালেদা জিয়া প্রয়াত হওয়ায় সেই দীর্ঘ রাজনৈতিক দ্বন্দ্বের এক মানবিক পরিসমাপ্তি ঘটল বলে মনে করছেন বিশ্লেষকেরা।

চিরপ্রতিদন্দ্বিতার চিরঅবসান। (বাঁ দিকে) খালেদা জিয়া এবং শেখ হাসিনা (ডান দিকে)। ছবি: রয়টার্স।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *