যশোর-৪ (বাঘারপাড়া–অভয়নগর) আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসুল।
দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি মোট ১ লাখ ৭৫ হাজার ২৪২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ফারাজী মতিয়ার রহমান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৩০৪ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৪৭ হাজার ৯৩৮।
কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা গেছে—
-
বাঘারপাড়া: দাঁড়িপাল্লা ৭০,৩৮১ ভোট, ধানের শীষ ৫৪,১০৯ ভোট
-
বসুন্দিয়া: দাঁড়িপাল্লা ১৪,৯৩৪ ভোট, ধানের শীষ ৮,৩৪৪ ভোট
-
অভয়নগর: দাঁড়িপাল্লা ৮৯,৯২৭ ভোট, ধানের শীষ ৬৪,৮৫১ ভোট
তিনটি এলাকার সব কেন্দ্রের ফল একত্র করে এ বেসরকারি ফল ঘোষণা করা হয়।
বিজয়ী প্রার্থী অধ্যাপক গোলাম রসুল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “এ বিজয় জনগণের। দীর্ঘদিনের প্রত্যাশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই মানুষ দাঁড়িপাল্লায় আস্থা রেখেছে। আমি সকলের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই।” তিনি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।
অপরদিকে বিএনপি প্রার্থী ফারাজী মতিয়ার রহমান বলেন, দলীয়ভাবে ফলাফল পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
দিনব্যাপী বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গণনা শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করা হয়। বিশ্লেষকদের মতে, এ ফলাফলের মাধ্যমে যশোর-৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। এখন আনুষ্ঠানিক গেজেট প্রকাশের মধ্য দিয়ে বিজয়ীর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হবে।
